হলিউডের আলোচিত তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়া নাকি চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন! আনুষ্ঠানিক ঘোষণা না এলেও খবরটি সামনে এনেছেন জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ।
গত রোববার রাতে লস অ্যাঞ্জেলেসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লালগালিচায় ‘অ্যাক্সেস হলিউড’-এর সঙ্গে আলাপকালে ল রোচ বলেন, “বিয়েটা হয়ে গেছে। তোমরা মিস করেছ।” প্রতিবেদকের বিস্ময়ের জবাবে হাসতে হাসতেই তিনি যোগ করেন, “হ্যাঁ, একদম সত্যি।” তবে এ বিষয়ে এখনো পর্যন্ত টম বা জেনডায়ার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় ছবি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর সেটে ২০১৬ সালে প্রথম পরিচয় হয় এই জুটির। বন্ধুত্ব থেকে সম্পর্ক, আর ২০২১ সালে প্রকাশ্যে প্রেমের ঘোষণা—ধীরে ধীরে গড়ে ওঠে তাঁদের সম্পর্কের ভিত।
পরবর্তী সময়ে গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার হাতে হীরার আংটি দেখা যাওয়ায় বাগ্দানের জল্পনা শুরু হয়। ২০২৫ সালে এক সাক্ষাৎকারে টম নিজেই ‘গার্লফ্রেন্ড’ শব্দটি সংশোধন করে ‘বাগ্দত্তা’ বলেন—যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়ায়।
টম ও জেনডায়া একসঙ্গে অভিনয় করেছেন ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ। সামনে ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যাড নিউ ডে’ এবং পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, ফলে বড় পর্দায় তাঁদের জুটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা আবারও।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত এই তারকা জুটি। ২০২৪ সালে টম এক সাক্ষাৎকারে বলেন, “ওর সঙ্গে কাজ করা আমার জীবনের সেরা অভিজ্ঞতা।” অন্যদিকে ২০২৫ সালে এক ম্যাগাজিন সাক্ষাৎকারে জেনডায়া জানান, “টমের পাশে অভিনয় করলে নিজেকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য মনে হয়।”
ভক্তদের কৌতূহল তুঙ্গে
বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও ল রোচের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন সবার মুখে একটাই প্রশ্ন—কবে, কোথায় এবং কীভাবে সম্পন্ন হলো এই বহুল আলোচিত বিয়ে?
টম–জেনডায়া এখনো নীরব। তবে লালগালিচায় একটি সংক্ষিপ্ত মন্তব্যই আপাতত হলিউডের সবচেয়ে বড় আলোচনায় পরিণত হয়েছে।